
Once a NotreDamian, always a NotreDamian
ভার্জিনিয়ায় আনন্দঘন পরিবেশে সম্পন্ন নটরডেমিয়ানদের দ্বিতীয় গ্লোবাল কনভেনশন
পুনর্মিলন, উন্নয়ন ভাবনা ও সাংস্কৃতিক আয়োজনে স্মরণীয় মিলনমেলা
প্রতিবেদক: কামরুল হাসান, মেম্বার, BNDANA
ঢাকা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মিলনমেলা ‘BNDANA 2nd Global Convention 2026” গত ৩১ অক্টোবর, শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নটরডেম এলামনাই নর্থ আমেরিকা (BNDANA) আয়োজিত এই সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ন্যাশনাল ল্যান্ডিংয়ের হিলটন আর্লিংটন হোটেল হয়ে ওঠে আনন্দঘন পুনর্মিলনের কেন্দ্রস্থল। এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে আগত নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সান্নিধ্য, কলেজজীবনের স্মৃতিচারণ, বাংলাদেশের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো এ আয়োজন নটরডেমিয়ানদের পারস্পরিক বন্ধনকে নতুন করে উজ্জীবিত করে।
আগের সন্ধ্যা থেকেই উৎসবের আমেজ
সম্মেলনের আগের দিন ৩০ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা থেকেই হোটেলে উৎসবের আবহ তৈরি হয়। বিএনডানার নির্বাহী কমিটি ও কনভেনশন কমিটির সদস্যদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা সেখানে সমবেত হতে শুরু করেন। শুভেচ্ছা বিনিময়, পুরোনো দিনের গল্প ও আন্তরিক আড্ডায় মুখর হয়ে ওঠে পরিবেশ। এই সন্ধ্যায় আগত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য আন্তরিক আপ্যায়নের ব্যবস্থা করেন কবির পাটোয়ারী ও পারভিন পাটোয়ারী। তাঁদের সৌজন্যে পরিবেশিত সুস্বাদু নৈশভোজ অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধনের অনুভূতিকে আরও গভীর করে তোলে।
মূল দিনের কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় কনভেনশন কমিটি একটি প্রস্তুতি সভা করে। সভায় অনুষ্ঠানসূচি, দায়িত্ব বণ্টন এবং আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

একই সন্ধ্যায় নটরডেম কলেজের কিংবদন্তিতুল্য পদার্থবিজ্ঞানের শিক্ষক সুশান্ত কুমার সরকারের আগমন আনন্দের পরিবেশে নতুন মাত্রা যোগ করে। প্রিয় শিক্ষকের সঙ্গে দেখা ও কুশল বিনিময়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হন প্রাক্তন শিক্ষার্থীরা। আগত অংশগ্রহণকারীদের জন্য কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারীর সৌজন্যে নৈশভোজ পরিবেশন করা হয়। তাঁদের আন্তরিক আতিথেয়তা পুনর্মিলনের সন্ধ্যাকে আরও উপভোগ্য করে তোলে।
সম্মিলিত প্রচেষ্টায় প্রস্তুত অনুষ্ঠানস্থল
শনিবার সকালে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য নাশতার ব্যবস্থা করা হয়। নাশতার পর কনভেনশন কমিটির সদস্যরা মূল অনুষ্ঠানস্থল প্রস্তুতের কাজে যোগ দেন। প্রধান বলরুমের সাজসজ্জা, সাউন্ড সিস্টেম, মঞ্চের পেছনের এলইডি পর্দা, আসনবিন্যাস, নিবন্ধন ডেস্ক ও বিভিন্ন স্টল – দুপুরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়।
মূল অনুষ্ঠান শুরুর আগে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। প্রস্তুতি ও আপ্যায়নের প্রতিটি পর্যায়ে আয়োজকদের সমন্বিত প্রচেষ্টা সম্মেলনের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

উদ্বোধন, সংগঠনের ইতিহাস ও ব্যাচভিত্তিক পরিচিতি
BNDANA এর বর্তমান সভাপতি ড. মোহাম্মদ নাকিবউদ্দিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি উপস্থিত নটরডেমিয়ান, তাঁদের পরিবারের সদস্যদের স্বাগত জানান এবং সবার অংশগ্রহণে সেমিনার ও সান্ধ্য আয়োজন বর্ণিল ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধন ও সেমিনার অধিবেশনকে কেন্দ্র করে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আন্তরিক ও অনানুষ্ঠানিক আবহ। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় সুপরিচিত সম্মানিত শিক্ষক সুশান্ত কুমার সরকার, ড. ফাদার প্যাট্রিক গ্যাফনি, রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান, গ্লোবাল কনভেনশনের আহ্বায়ক ড. ফয়সাল রহমান, উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জ্যেষ্ঠতম ১৯৫৬ ব্যাচের ড. আবদুন নূর এবং নটরডেমিয়ান আবু গোফরানকে।

বিশেষ অতিথিদের আত্মপরিচয় পর্বের আগে বিএনডানার প্রতিষ্ঠাতা সভাপতি ও অ্যালামনাই ইমেরিটাস ড. ইবরুল চৌধুরী সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে বিএনডানার সূচনা ও পথচলার কথা। এরপর বিশেষ অতিথিরা নিজেদের পরিচয় দেন।
পরে ১৯৫৬ থেকে ২০১১ ব্যাচ পর্যন্ত উপস্থিত নটরডেমিয়ানদের ব্যাচভিত্তিক মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা একে একে নিজেদের পরিচয় দেন। বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরিচিতি পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে। সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যায় এগিয়ে ছিল ১৯৮১ ব্যাচ।

সেমিনারে বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা
ড. ফয়সাল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশের উন্নয়নে নটরডেমিয়ানদের সম্ভাব্য অবদান নিয়ে আলোচনা হয়। অতিথিরা শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও সুযোগের প্রসার এবং মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে দেশে ও প্রবাসে থাকা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা কীভাবে ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ও নটরডেম অ্যালামনাইদের করণীয় নিয়ে বিভিন্ন উদ্যোগের সুপারিশ উঠে আসে। দেশের মানুষের কল্যাণে প্রাক্তন শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কাজে লাগানোর সম্ভাবনাও আলোচিত হয়।
নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতায় বাংলাদেশে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্প এসব কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য। এ মানবিক সম্পৃক্ততা সম্মেলনের উন্নয়ন ভাবনাকে বিশেষ তাৎপর্য দেয়।
সেমিনারে অবসরজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সুচিন্তিত পরিকল্পনা ও কার্যকর কৌশল গ্রহণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি পরবর্তী প্রজন্মের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগের জন্য অর্থসংস্থান এবং দীর্ঘমেয়াদি আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
BNDANA এর সভাপতি ড. মোহাম্মদ নাকিবউদ্দিন বিশেষভাবে উল্লেখ করেন, সেমিনারের আলোচনার সারসংক্ষেপ ও সুপারিশগুলো বাংলাদেশের বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।
সেমিনারের শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় অংশগ্রহণকারীরা আলোচিত বিষয়গুলো নিয়ে প্যানেল সদস্যদের সরাসরি প্রশ্ন করার এবং তাঁদের কাছ থেকে উত্তর ও ব্যাখ্যা পাওয়ার সুযোগ পান।
‘নটর-নস্টালজিয়া’: গান, স্মৃতি ও ভালোবাসায় সাংস্কৃতিক সন্ধ্যা
সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় নটরডেমিয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা ‘নটর-নস্টালজিয়া’। ‘হৃদয়পুরের গান, নটরডেমিয়ান প্রাণ’ শিরোনামের এ আয়োজনে গান, কবিতা আবৃত্তি ও কৌতুকের মধ্য দিয়ে প্রিয়জনদের পুনর্মিলন হয়ে ওঠে আরও আনন্দময়। এ পর্বে বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন পারভীন পাটোয়ারী।

‘মিট অ্যান্ড মিঙ্গল’: এক কাপ চায়ে পুরোনো সখ্যতা
আয়োজনের অংশ হিসেবে ছিল ‘মিট অ্যান্ড মিঙ্গল’ (এম অ্যান্ড এম) আড্ডা -‘এক কাপ চায়ে পুরোনো সখ্যতা’। চায়ের কাপে চুমুক দিতে দিতে পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে গল্পে মেতে ওঠেন নটরডেমিয়ানরা। স্মৃতি ও আন্তরিক আলাপচারিতায় এ পর্ব হয়ে ওঠে চিরন্তন বন্ধন উদ্যাপনের এক আনন্দময় উপলক্ষ।
পাশাপাশি গ্র্যান্ড লবিতে ‘গদ্য, কবিতা ও নটর ডেম’ পর্বে প্রদর্শিত হয় নটরডেমিয়ান লেখকদের নিজস্ব বই। এ প্রদর্শনী প্রাক্তন শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
অনুষ্ঠানে প্রয়াত শ্রদ্ধেয় ফাদার জোসেফ এস. পিশোতোর একটি বিশেষ রেকর্ডিং তুলে ধরা হয় এবং প্রয়াত শিক্ষকদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রদর্শিত হয় ড. মোহাম্মদ নাকিবউদ্দিনের তৈরি, নটরডেম কলেজের স্মৃতিবিজড়িত পুরোনো হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতিচারণমূলক রেকর্ডিং। নতুন ভবন নির্মাণের জন্য ভেঙে ফেলা হচ্ছে পুরোনো এই ভবনটি। পরিচিত প্রাঙ্গণের দৃশ্য ও স্মৃতিচারণ উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যায় কলেজজীবনের দিনগুলোতে।
এছাড়াও ঢাকার নটরডেম কলেজের বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও, সিএসসি-এর একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। ভিডিও বার্তায় তিনি বিশ্বব্যাপী নটরডেমিয়ানদের এই মিলনমেলার সাফল্য কামনা করেন এবং কলেজের মূল্যবোধ, সৌহার্দ্য ও সেবার চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি, নির্বাহী কমিটি, কনভেনশন কমিটি ও পৃষ্ঠপোষকদের পরিচিতি পর্ব
এ পর্যায়ে রাষ্ট্রদূত ড্যান মজীনাকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান সম্পর্কে তাঁর অনুভূতি ও ভাবনা তুলে ধরার অনুরোধ করা হয়।
নৈশভোজ পরিবেশনের মধ্যেই বিশেষ অতিথি, পৃষ্ঠপোষক, BNDANA এর নির্বাহী কমিটি এবং গ্লোবাল কনভেনশন কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর স্থানীয় নটরডেমিয়ানদের ব্যান্ড ‘AITHRIOS’-এর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা সাংস্কৃতিক সন্ধ্যায় নতুন উচ্ছ্বাস যোগ করে।

‘পুরোনো সেই দিনের ব্যথা’: কুইজের আতঙ্ক ও কলেজজীবনের স্মৃতিচারণ
‘পুরোনো সেই দিনের ব্যথা – কুইজ আতঙ্ক ও বিবিধ বিষয়’ পর্বে নটরডেমিয়ানরা কলেজজীবনের কুইজ পরীক্ষা ও নানা অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। তাঁদের গল্পে উঠে আসে পরীক্ষার প্রস্তুতি, কুইজের উৎকণ্ঠা এবং নটর ডেম কলেজের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা। এ পর্বে শিক্ষক সুশান্ত কুমার সরকারও সংক্ষিপ্ত বক্তব্য দেন, যা স্মৃতিচারণের আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে।
সাগ্নিক সেনের কণ্ঠে ‘পুরোনো সেই দিনের কথা’
এরপর শুরু হয় শিল্পী সাগ্নিক সেনের সংগীতপর্ব ‘পুরোনো সেই দিনের কথা’। তাঁর কণ্ঠে কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী গানগুলো উপস্থিত শ্রোতাদের স্মৃতিমেদুর করে তোলে। একের পর এক হৃদয়ছোঁয়া পরিবেশনায় তিনি পুরো আসর মাতিয়ে রাখেন। হেমন্তের গানের পরিচিত সুরে অংশগ্রহণকারীরা যেন ফিরে যান পুরোনো দিনের আবেগ ও ভালোবাসায় ভরা স্মৃতির কাছে।




নতুন নেতৃত্বের ঘোষণা ও সমাপনী ধন্যবাদ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনডানার অ্যালামনাই ইমেরিটাস ড. ইবরুল চৌধুরী পরবর্তী নির্বাহী কমিটির নতুন সভাপতির নাম ঘোষণা করেন। একই সঙ্গে তিনি তিন বছর মেয়াদি নির্বাহী কমিটির কাঠামো তুলে ধরেন। সভাপতি, দুজন সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, জনসংযোগ সম্পাদক ও নির্বাহী সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
সমাপনী পর্বে কনভেনশন কমিটির পক্ষ থেকে BNDANA 2nd Global Convention 2026 এ যোগদান এবং আয়োজন সফল করে তোলার জন্য সব অংশগ্রহণকারী, অতিথি, পৃষ্ঠপোষক ও আয়োজককে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সবাইকে পরবর্তী কনভেনশনে অংশ নেওয়ার সাদর আমন্ত্রণ জানিয়ে এ মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
ধন্যবাদান্তে:
Bangladesh Notre Dame Alumni North America (BNDANA) ও BNDANA 2nd Global Convention 2026 কমিটির পক্ষে –
ড. মোহাম্মদ নাকিবউদ্দিন – সভাপতি, BNDANA
ড. ফয়সাল রহমান – আহ্বায়ক, কনভেনশন কমিটি
ড. শামীম আহমেদ – সম্পাদক, কনভেনশন কমিটি
ড. ইবরুল চৌধুরী – অ্যালামনাই ইমেরিটাস, BNDANA
ইফতেখার আহমেদ – কোষাধ্যক্ষ, BNDANA
Explore our past events and enjoy!
If you have any question or just want to get in touch, use the form below or send email to bndana1216@gmail.com. We look forward to hearing from you!
